চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০-এর ঘরে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সাংকো পাঞ্জা। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।তার মরদেহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর গ্রামের বাড়ি মাসুমাবাদে নেওয়া হয়েছে। সেখানে শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ময়মনসিংহে জন্ম নেওয়া সাংকো পাঞ্জা ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্র দিয়ে রূপালি পর্দায় পা রাখেন। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিনেতা সাংকো পাঞ্জা স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।